জটেশ্বরে তৃণমূলের মহামিছিল ও প্রতিবাদ সভা, প্রস্তুতি তুঙ্গে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— আজ জটেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মহামিছিল ও প্রতিবাদ সভা। এই কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে তীব্র উদ্দীপনা এবং তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই জটেশ্বর ট্রাফিক মোড় চত্বরে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। দলীয় কর্মীরা জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন যাতে কোনো ঘাটতি না থাকে।

তৃণমূলের ফালাকাটা গ্রামীণ ব্লকের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল জানান,

“এই মহামিছিলে হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেবেন। মানুষ আজ বুঝে গেছে, কাদের পাশে দাঁড়ালে উন্নয়ন হয়, আর কাদের পাশে থাকলে শুধু প্রতিশ্রুতি মেলে।”

তিনি আরও জানান, বর্তমান সময়ের নানা গুরুত্বপূর্ণ ইস্যু, কৃষি, কর্মসংস্থান, ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। মিছিল শেষে প্রতিবাদ সভায় জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিছিল শুরু হবে জটেশ্বরের বিভিন্ন প্রান্ত থেকে এবং তা একত্রিত হবে ট্রাফিক মোড়ে নির্মিত প্রধান মঞ্চের সামনে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই ধরনের বড় রাজনৈতিক কর্মসূচিতে জটেশ্বর এলাকায় একদিকে যেমন রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়, তেমনি কিছু সময়ের জন্য ট্রাফিক ও দৈনন্দিন জনজীবনেও প্রভাব পড়ে। তবুও অনেকেই এই কর্মসূচিকে গণতান্ত্রিক অধিকারের চর্চা হিসেবে দেখছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *