
বীরভূম, নিজস্ব সংবাদাতা:- কাশ্মীরের অনন্তনাগে তুষারঝড়ের কবলে পড়ে যে দুই এলিট প্যারা কমান্ডোর মৃত্যু হয়েছে, তাঁদের এক জন বীরভূমের বাসিন্দা। সুজয় ঘোষ নামে বছর সাতাশের এই যুবকের বাড়ি বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কুন্ডীরা গ্রামে। বাড়িতে বাবা, মা, দাদু, দাদা এবং ভাই আছেন। বাবা রাধেশ্যাম ঘোষ, মা নমিতা ঘোষ। মৃতের দাদা মৃত্যুঞ্জয় ঘোষের কাছে শুক্রবার দুপুরে ফোন এসেছিল সেনাবাহিনীর তরফে। জানানো হয়েছিল, সুজয়কে উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, পরিস্থিতি ভাল নয়। পরে জানানো হয় সুজয় আর নেই। তার পর থেকেই বাড়ি এবং গোটা গ্রামে শোকের ছায়া নেমেছে। তবে, বৃদ্ধ ঠাকুরদাকে ঘটনার কথা এখনও জানানো হয়নি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মূলত কৃষিজীবী পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছিল বছর সাতেক আগে পরিবারের মেজো ছেলে সুজয় সেনাবাহিনীর জওয়ান হিসাবে যোগ দেওয়ার পরেই। সম্পর্কিত দাদু বামাপদ ঘোষ বলেন, “খুবই হাসিখুশি ছিল সুজয়। যখন গ্রামে আসত, তখন সকলকে নিয়ে চলত।” পরিবারের সদস্যেরা বলছেন, সেনাবাহিনীর কমান্ডো হিসাবে খুব কঠিন কাজ করতে হত। কিন্তু, এ ভাবে শেষ হয়ে যাবে মেনে নিতে পারছেন না। শনিবার দুপুরে দেহ আসবে বলে জেনেছে পরিবার।












Leave a Reply