বালুরঘাটে দুঃসাহসিক চুরি, ফাঁকা বাড়ি থেকে উধাও প্রায় ৩০ লক্ষ টাকার সোনা ও নগদ অর্থ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট থানার ৬ নম্বর ডাঙ্গা অঞ্চলের বড় রঘুনাথপুর এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে রঘুনাথপুর বি এম হাই স্কুলের নিকটবর্তী এলাকায় অরূপ কুন্ডু (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়।

ওইদিন বোল্লা কালীপুজো উপলক্ষে পরিবারের সকল সদস্য মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। সেই সুযোগে চোরের দল ফাঁকা বাড়িতে ঢুকে লণ্ডভণ্ড করে দেয় গোটা ঘর। বাড়ি থেকে চুরি হয়ে যায় প্রায় ৩০ লক্ষ টাকার সোনাদানা, গয়না এবং নগদ অর্থ।

ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাদার চোরের দলই এই চুরির সঙ্গে যুক্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত চুরি যাওয়া সামগ্রীর কোনো হদিস মেলেনি।

ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয়দের দাবি, এলাকায় রাতের পাহারার ব্যবস্থা ও সিসিটিভি নজরদারি জোরদার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *