বালুরঘাটে SIR প্রক্রিয়াকে ঘিরে ভিড় উপচে পড়ছে ফটো স্টুডিওগুলিতে।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলার ফলে বালুরঘাট শহরের ফটো স্টুডিওগুলিতে অভূতপূর্ব ভিড় দেখা যাচ্ছে। একসময় মোবাইল ফটো তোলার চল বাড়ায় শহরের বহু স্টুডিও প্রায় গ্রাহকশূন্য হয়ে পড়েছিল। এমনকি বেশ কয়েকটি স্টুডিও বন্ধও হয়ে গিয়েছিল। কিন্তু চলতি SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে আবারও স্টুডিওগুলিতে উপচে পড়া ভিড় জমেছে, কারণ ফর্ম পূরণের জন্য সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত পাসপোর্ট ছবি বাধ্যতামূলক করা হয়েছে।

২০০২ সালের পর এত বড় SIR আর হয়নি। বর্তমান নিয়ম অনুযায়ী, যাঁদের নাম ২০০২ সালের সংশোধনে ছিল এবং যাঁরা এবার নতুন করে ২০২৫ সালের SIR-এ অন্তর্ভুক্ত হবেন, তাঁদের দু’কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট ছবি জমা দিতে হবে। আর সেই কারণেই বালুরঘাটের বিভিন্ন স্টুডিওর সামনে সকাল থেকেই লম্বা লাইন পড়ছে।

দীর্ঘদিন গ্রাহক না পাওয়ায় যেসব স্টুডিওর মালিকদের ব্যবসা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল, তাঁদের এখন সকাল থেকে রাত পর্যন্ত নিরন্তর কাজ করে যেতে হচ্ছে। ভোরে শাটার ওঠার আগেই লাইন পড়ে যাচ্ছে, দুপুরে খাবার সময়ও মিলছে না—কিন্তু এতদিনের নীরব ব্যবসার পর এই ব্যস্ততাই যেন তাঁদের নতুন প্রাণ দিচ্ছে।

অন্যদিকে, এলাকার বাসিন্দারাও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। অনেকে ভোরেই স্টুডিওর সামনে এসে দাঁড়াচ্ছেন, কারণ ছবি ছাড়া SIR সংক্রান্ত কাজ এগোচ্ছে না। স্কুলশিক্ষক, গৃহবধূ, চাকুরিজীবী—সবাই একসুরে জানাচ্ছেন যে ভিড় অত্যন্ত বেশি, তবুও প্রক্রিয়ার গুরুত্বের কারণে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

SIR প্রক্রিয়া জোরকদমে চলতে থাকায় অনেকদিনের স্তব্ধ ফটো স্টুডিও ব্যবসা আবারও চাঙ্গা হয়ে উঠেছে। বহুদিনের নীরবতার পর বালুরঘাটের স্টুডিও পাড়া এখন সরগরম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *