
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে আজ উনিশে নভেম্বর বুধবার বিকেলে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন অনুষ্ঠানের শুভ সূচনা হলো। দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি ২০১১ সাল থেকে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি রক্ষণাবেক্ষণের বিষয়ে সরকারকে দাবি জানিয়ে আসছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সদস্যরা সারাবছর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো খুঁজে বের করার পাশাপাশি সেগুলো রক্ষার বিষয়েও জনসাধারণকে সচেতন করেন। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস ও ঐতিহ্যের বিষয়ে একটি আলোচনা চক্রেরও আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সদস্যরা ও বিদ্যালয়ের শিক্ষকরা মিলে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আলোচনা চক্রের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে। আলোচনা চক্রে ছাত্র-ছাত্রীদের সামনে দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ইতিহাস ঐতিহ্যের বিষয়ে বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি তুহিন শুভ মন্ডল, সহ-সভাপতি অভিজিৎ সরকার, কোষাধক্ষ্য ঝন্টু হালদার, কুমারগঞ্জ ব্লকের কো-অর্ডিনেটর জুলিয়াস হাসান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস প্রমুখ। আগামী ২৫শে নভেম্বর মঙ্গলবার অবধি দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সদস্যরা তরুণ তরুণীদের জেলার বিভিন্ন প্রান্তের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব বোঝানোর পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য রক্ষার বিষয়েও সচেতন করবে। এমনটাই জানালেন দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি তুহিন শুভ মন্ডল ও নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস।












Leave a Reply