ছেলের জন্য পাত্রী দেখতে যাওয়ার সুযোগে প্রতিবেশীর বিরুদ্ধে সোনাদানা ও নগদ টাকা চুরির অভিযোগ, উত্তেজনা কুমারগঞ্জে।

সংবাদদাতা, বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- ছেলের জন্য পাত্রী দেখতে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে চুরির গুরুতর অভিযোগ উঠেছে কুমারগঞ্জ থানার অন্তর্গত গোপালগঞ্জের চকরামরায় গ্রামে। অভিযোগকারিণী সাবিত্রী বর্মন জানান, তিনি বাড়ির বাইরে থাকার সময় এক প্রতিবেশী যুবক ঘরে ঢুকে টিনের বাক্স ভেঙে একটি সোনার মালা, দুই জোড়া সোনার কানের দুল, একটি সোনার আংটি, প্রায় পাঁচ ভরি রুপোর সামগ্রী ও নগদ চার হাজার টাকা চুরি করে নেয়।
ঘটনাটি জানার পর সাবিত্রী বর্মন কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেনি বলেই তাঁর দাবি। থানায় অভিযোগ না নেওয়ায় হতাশ হয়ে সোমবার তিনি বালুরঘাটে জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে লিখিতভাবে গোটা ঘটনার বিবরণ দেন এবং সুবিচারের আবেদন জানান।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সাবিত্রী বর্মন বলেন, “আমি চাই যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেপ্তার করা হোক এবং আমার চুরি যাওয়া গয়নাগাটি ও নগদ টাকা উদ্ধার করা হোক।” ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন পুলিশ প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *