
মালদা, নিজস্ব সংবাদদাতা:- আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে কর্মবিরতি র্যালির আয়োজন করে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। মঙ্গলবার এই র্যালিটি পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। সংগঠনের নেত্রী ভারতী বাড়ুইয়ের নেতৃত্বে বিপুল সংখ্যক আশা কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
র্যালি চলাকালীন হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আশা কর্মীরা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে আশা কর্মীদের বিভিন্নভাবে শোষণ করা হচ্ছে। ন্যূনতম পারিশ্রমিক না পাওয়া, সময়মতো সম্মানিক ও বকেয়া টাকা না মেলা, কাজের চাপ বাড়লেও প্রাপ্য সুযোগ-সুবিধা না পাওয়াই এই আন্দোলনের মূল কারণ।
নেত্রী ভারতী বাড়ুই জানান, আশা কর্মীদের ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা সম্মানিক অবিলম্বে চালু করতে হবে। পাশাপাশি সারা বছরের সমস্ত বকেয়া টাকা দ্রুত পরিশোধের দাবিও তোলা হয়েছে। এছাড়া কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও সংগঠনের পক্ষ থেকে জোরালোভাবে জানানো হয়।
সংগঠনের নেতৃত্ব আরও জানান, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নে আশা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তাঁরা।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।












Leave a Reply