
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভাতা নয়, নিয়মিত মাসিক বেতন, সরকারি সুযোগ-সুবিধা এবং সরকারি কর্মী হিসেবে স্বীকৃতির দাবিতে উত্তাল দক্ষিণ দিনাজপুর। জেলার আশা কর্মীদের কর্মবিরতির জেরে শুক্রবার বালুরঘাট শহরে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
জানা গেছে, গত ২৩ ডিসেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আশা কর্মীরা কর্মবিরতি শুরু করেছেন। সেই আন্দোলনের অংশ হিসেবেই শুক্রবার জেলার বিভিন্ন ব্লক থেকে শতাধিক আশা কর্মী জেলা সদর বালুরঘাটে জমায়েত করেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
বিক্ষোভ চলাকালীন বালুরঘাট থানার সামনে সরকারি নির্দেশের প্রতিলিপি পোড়ানো হয়, যা ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।
আশা কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ কাজ সামলালেও আজও তাঁদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হয়নি। সামান্য ভাতার উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।












Leave a Reply