
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: গত ২৫ ডিসেম্বর বুনো হাতির হামলায় জোড়া মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াল বনদপ্তর। শনিবার বনদপ্তরের পক্ষ থেকে নিহত দুই পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতির হামলায় ফালাকাটা ব্লকের পূর্ব বেংকান্দি এলাকার বাসিন্দা পবিত্র রায় এবং ধুলাগাঁও এলাকার বাসিন্দা যুথিকা বর্মন প্রাণ হারান। মর্মান্তিক এই ঘটনার পর প্রশাসনের তরফে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
শনিবার পৃথকভাবে দুই নিহতের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন মাদারিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশীষ রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশিস রঞ্জন দেব, জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলি, উপপ্রধান মিনুরানি বর্মন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপক সরকার, শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক সাহা সহ বনদপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে মানব-হাতি সংঘাত কমাতে এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে।












Leave a Reply