মাদারীহাটে SSB-এর মানবিক উদ্যোগ, পড়ুয়াদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো ও শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে মানবিক উদ্যোগ নিল সীমান্ত সুরক্ষা বাহিনী (SSB)। SSB-এর ১৭ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে এবং মাকড়াপাড়া ডি কোম্পানির সহযোগিতায় শুক্রবার মাদারীহাট–বীরপাড়া ব্লকের দলমোড় চা বাগান সংলগ্ন ত্রিবেণী স্কুলে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ক্রিকেট সামগ্রী, ক্যারম বোর্ড, ভলিবল, ভলিবল নেট সহ নানা ধরনের ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। SSB সূত্রে জানানো হয়েছে, বিদ্যালয় স্তরে খেলাধুলার প্রসার ঘটানো এবং ছাত্রছাত্রীদের শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে সক্রিয় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই অনুষ্ঠানের আওতায় লুকশান নেপালি প্রাইমারি স্কুল, চেংমারি চা বাগান হাইস্কুল, লাল ঝামেলা বস্তি প্রাইমারি স্কুল সহ আরও একাধিক বিদ্যালয় ক্রীড়া সামগ্রী পায়। পড়ুয়াদের মধ্যে এই সামগ্রী পেয়ে উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SSB-এর সেকেন্ড-ইন-কমান্ড্যান্ট রাজেশ কুমার সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট সুবীর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট প্রাণ গোবিন্দ দাস, বীরপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্বীপেশ দোরজি সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, পড়ুয়াদের মধ্যে খেলাধুলার সংস্কৃতি গড়ে তুললে ভবিষ্যতে তারা আরও আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *