
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে সোমবার গভীর রাতে হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দলগাঁয়ের জঙ্গল থেকে বেরিয়ে দুটি বুনো হাতি গভীর রাতে তাসাটি চা বাগানের জেঙ্গা লাইন ও পানু লাইনে ঢুকে তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ প্রথমে জেঙ্গা লাইনে ঢুকে পড়ে হাতিরা।সেখানে চারটি শ্রমিক পরিবারের ঘর ভেঙে চুরমার করে দেয় তারা। এরপর পানু লাইনে গিয়ে আরও চারটি ঘর ভাঙচুর চালায়। ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র ভেঙে ফেলা হয় এবং মজুত খাদ্যদ্রব্যও সাবাড় করে দেয় হাতির গুলি।প্রায় এক ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবের পর হাতি গুলি ফের দলগাঁও জঙ্গলের দিকে ফিরে যায়। ঘটনায় কোনো প্রাণহানির খবর না মিললেও, গভীর রাতের এই হানার ঘটনায় চরম আতঙ্কের মধ্যে পড়েছেন শ্রমিক মহল্লার বাসিন্দারা। এ বিষয়ে বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের রেঞ্জ অফিসার ধনঞ্জয় রায় জানিয়েছেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলি নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।”












Leave a Reply