
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ দক্ষিণ দিনাজপুর জেলায় বাল্যবিবাহ মুক্ত রথ-এর ধারাবাহিক উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে কালেক্টর বিল্ডিং প্রাঙ্গণে এই রথের উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে বালুরঘাট কোর্ট কমপ্লেক্স, জেলা পুলিশ দপ্তর, বালুরঘাট মিউনিসিপালিটি, বালুরঘাট থানা এবং সর্বশেষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর প্রাঙ্গণে রথটির উদ্বোধন ও প্রচার কর্মসূচি সম্পন্ন হয়।
বালুরঘাট কোর্ট কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে রথটির উদ্বোধন করেন জেলা জজ মানস বসু এবং এলডি জজ শারণ্য সেন প্রসাদ (এডিজে–২)। বিভিন্ন পর্যায়ের এই উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভজিৎ মণ্ডল, এডিএম (সোশ্যাল ওয়েলফেয়ার), দক্ষিণ দিনাজপুর; চিন্ময় মিতাল, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ; কার্তিক চন্দ্র মণ্ডল, অ্যাডিশনাল এসপি; শাহজান হোসেন, ডিএসপি; দীপান্নিতা বর্মন, ওসি (সোশ্যাল ওয়েলফেয়ার); নীলাদ্রি মজুমদার, জেলা সমাজকল্যাণ আধিকারিক (ডিএসডব্লিউও) এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের সামাজিক, আইনগত ও স্বাস্থ্যগত কুফল নিয়ে আলোকপাত করেন। তাঁরা জানান, বাল্যবিবাহ কিশোরী স্বাস্থ্য, মাতৃমৃত্যু, শিশু অপুষ্টি ও শিক্ষার উপর মারাত্মক প্রভাব ফেলে। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রশাসন ও সমাজকে একসঙ্গে লড়াই করতে হবে বলেও মত প্রকাশ করা হয়।
এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গণস্বাক্ষর অভিযান। প্রতিটি উদ্বোধনী ও প্রচারস্থলে বাল্যবিবাহের বিরুদ্ধে অঙ্গীকারপত্রে সাধারণ মানুষ, প্রশাসনিক আধিকারিক, আইনজীবী, পুলিশ কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেন। এর মাধ্যমে বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, আজ প্রথম দিনে বাল্যবিবাহ মুক্ত রথটি বালুরঘাট মিউনিসিপালিটি ও বালুরঘাট থানা এলাকায় প্রচার চালায়। আগামী ৪ তারিখে রথটি পৌঁছাবে হিলি থানা, হিলি বিএসএফ বিওপি (AHTU), হিলি ব্লক, পাশাপাশি কুমারগঞ্জ থানা ও ব্লক এবং পাটিরাম থানা এলাকায়। এরপর ৫ তারিখে রথটি তপন থানা ও ব্লক, গঙ্গারামপুর থানা ও ব্লক এবং কুশমন্দি থানা ও ব্লক এলাকায় গিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালাবে।
জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ দপ্তরের সমন্বিত উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে।












Leave a Reply