
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অসুস্থতার সঙ্গে লড়াই করে একাকী দিন কাটছে ৭৫ বছরের আবেদা বেওয়ার। ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকার এই অসহায় বৃদ্ধার জীবনে নেই আপনজন, নেই দেখাশোনার কেউ। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপন কার্যত অসম্ভব হয়ে উঠেছিল তাঁর কাছে। এই করুণ পরিস্থিতির খবর পৌঁছতেই মানবিকতার হাত বাড়িয়ে দেন জটেশ্বরের বিশিষ্ট সমাজসেবী বাবলু রহমান। বৃহস্পতিবার সকালে তিনি নিজে আবেদা বেওয়ার বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন এবং এক মাসের জন্য প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। চাল, ডাল, তেল, লবণ, শাক-সবজি সহ দৈনন্দিন জীবনের অপরিহার্য খাদ্যসামগ্রীর পাশাপাশি শীতবস্ত্র ও নগদ অর্থও তুলে দেওয়া হয় তাঁর হাতে। ওই সহায়তা পেয়ে চোখে জল চলে আসে আবেদা বেওয়ার। তিনি জানান, এতদিন পরে কেউ তাঁর পাশে দাঁড়াল এই অনুভূতিই তাঁকে নতুন করে সাহস জুগিয়েছে। বাবলু রহমান জানান, আগামী দিনেও তিনি ওই বৃদ্ধার পাশে থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী সবরকম সহযোগিতা করার চেষ্টা করবেন। বাবলু রহমানের এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের কথায়, সমাজে এখনও যে মানবিকতা ও সহানুভূতি বেঁচে আছে, বাবলু রহমানের এই উদ্যোগ তারই উজ্জ্বল উদাহরণ।












Leave a Reply