
মালদা, নিজস্ব সংবাদদাতা:— স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তার মুখ দেখতে চলেছেন গ্রামবাসীরা। অথচ সেই রাস্তা তৈরি নিয়েই উঠল নিম্নমানের কাজের অভিযোগ। যার প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতোল এলাকার। জানা গেছে, রাজ্য সরকারের চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পে হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল সিঙ্গাসার থেকে বেলিয়া দিঘি পর্যন্ত প্রায় ১৭০০ মিটার কংক্রীট রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ১৯ লক্ষ টাকা। সেই মতো শুরু হয়েছে রাস্তার কাজ। কিন্তু কাজ শুরু হতে না হতেই গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার সিডিউল না মেনে নিজের মর্জি মাফিক কাজ করছেন।সিডিউল দেখতে চাইলেও তা দেখাচ্ছেন না। রাস্তার প্রাথমিক পর্যায়ে বালি ও পাথরের ছয় ইঞ্চি পুরু আস্তরণ দেওয়ার কথা। কিন্তু তার চেয়ে অনেকটাই কম আস্তরণ করা হচ্ছে। সেই আস্তরণে বালি এবং পাথরের ভাগ খুবই কম। রাস্তার কিছুটা অংশে গার্ডওয়াল করা দরকার। কিন্তু তাও করা হচ্ছেনা। ঠিকাদার নিজের মন মতো কাজ করে চলেছেন। যার প্রতিবাদে আজ তারা রাস্তার কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবী সিডিউল মেনে রাস্তার কাজ করা হোক। এই বিষয়ে রাস্তা নির্মাণকারী ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে ঠিকাদার নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেন। তার দাবী কাজ হচ্ছে সিডিউল মেনেই। গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছেন।












Leave a Reply