
তপন-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত এক পরিযায়ী শ্রমিক। মৃত শ্রমিকের নাম শ্যামল হাসদা। বয়স ৪৪ বছর। তিনি মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতেন। গত শনিবার রাতে তার মৃত্যু হয়।এদিন তপন থানার আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকায় তার বাড়িতে মৃতদেহ নিয়ে আসলে শোকের ছায়া নেমে আসে।
এদিকে পরিচয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান নেই, সে কারণে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে শ্রমিকদের।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি নির্মাণ কাজের শ্রমিকের কাজ করতেন। কাজ করতে গিয়ে নির্মীয়মান বিল্ডিং এর তিনতলা থেকে অসাবধানতাবশত তিনি পড়ে যান। গত শনিবার রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। নির্মাণ সংস্থা ও মহারাষ্ট্র পুলিশের তৎপরতায় মহারাষ্ট্র থেকে মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে তার দেহ এদিন তার বাড়িতে এসে পৌঁছায়। এলাকায় শোকের ছায়া নেমেছে।
ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায়, জেলা তথা রাজ্যের মানুষদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু বরণ করতে হচ্ছে। তিনি রাজ্যে সরকারি চাকরি বা কলকারখানা গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধির দাবি জানিয়েছেন।
দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা সুভাষ চাকী জানান, বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। অবাঙালি বহু মানুষ এই রাজ্যে কাজ করেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার বিগত ১৪ সাল থেকে এ রাজ্যে শিল্প কারখানার কোনো উদ্যোগ নেয় নি। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যের মানুষ অন্য রাজ্যে কাজ করতে যেতে পারে। সেখানে, দুর্ঘটনা বসত এক শ্রমিকের মৃত্যু নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে।












Leave a Reply