সমুদ্রগড়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহবধূ। পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই যুবতীর। মৃতের নাম রানী হাজরা (২৫)। তিনি সমুদ্রগড় স্টেশন কলোনির মাছ বাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে ট্রেনে কাটা পড়ার পর দীর্ঘ সময় রেললাইনের ওপর পড়ে ছিল দেহ। সেই অবস্থাতেই একের পর এক ট্রেন দেহের ওপর দিয়ে যাতায়াত করে। ঘটনাস্থলে দীর্ঘক্ষণ রেল পুলিশ না পৌঁছানোয় রেল পুলিশের কর্তব্য ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। মৃত গৃহবধূর মা অভিযোগ করে জানান, রানীর স্বামী নানা বিষয় নিয়ে তাঁকে সন্দেহ করতেন। এমনকি ঘটনার আগের দিনও তাঁকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, সেই মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই এই চরম সিদ্ধান্ত।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কয়েক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *