গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:— গঙ্গারামপুর উত্তর চক্রের অধীন Boram Gokulpur Junior High School–এ ‘এক পেড় মা কে নাম’ শীর্ষক দিনব্যাপী পরিবেশ সচেতনতা কর্মসূচি পালিত হলো। ছাত্র–ছাত্রী, শিক্ষক–শিক্ষিকা এবং জেলা স্তরের আধিকারিকদের উপস্থিতিতে সবুজায়নের বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এই কর্মসূচি অনুষ্ঠিত হয় Mera Yuva Bharat–এর সহযোগিতায়। আয়োজকদের বক্তব্য, জাতীয় স্তরের এই যুব উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে অল্প বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক মনোভাব, নেতৃত্বের গুণ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলাই মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক রুহুল আমিন, অবর বিদ্যালয় পরিদর্শক জ্যোতির্ময় সিনহা, রিসোর্স পার্সন সজল মজুমদার, অখিল চন্দ্র সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দিনের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। ছাত্র–ছাত্রীদের সঙ্গে নিয়ে আধিকারিকরাও গাছের চারা রোপণ করেন। এরপর পরিবেশ রক্ষার বার্তা নিয়ে একটি র্যালি বের হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পড়ুয়াদের প্রকৃতির রক্ষক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবুজ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব ব্যাখ্যা করেন। সহযোগী সংস্থার প্রতিনিধিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিশুদের সমাজমুখী কাজে অংশ নিতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সবশেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
আয়োজকদের মতে, শুধু গাছ লাগানোই নয়, পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের আসল উদ্দেশ্য; যা আগামী দিনে পড়ুয়াদের মননে গভীর ছাপ ফেলবে।












Leave a Reply