
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২১শে ফেব্রুয়ারি শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্য ও সংস্কৃতির শহর বালুরঘাটের রবীন্দ্রভবনে “টেক কেয়ার” সংস্থার উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি চিকিৎসক ডা. পয়োধি ধরের আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী এবং সংস্কৃতিপ্রেমী মানুষজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে “টেক কেয়ার” সংস্থার পক্ষ থেকে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে বরণ করা হয়। এরপর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসঙ্গে, এদিন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী স্বর্গীয় অশ্বিনী কুমার ধরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
অনুষ্ঠানে জেলার প্রতিভাবান শিল্পীদের দ্বারা সংগীত, নৃত্য এবং অন্যান্য শিল্পকর্মের পরিবেশনা ছিল উল্লেখযোগ্য। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের রূপায়ণে এই পরিবেশনাগুলি দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা প্রদান। বিভিন্ন পেশা ও ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়।
এছাড়াও, জেলার শহর এবং গ্রামীণ এলাকার প্রায় পঞ্চাশটি দুর্গাপূজার আয়োজনকারী ক্লাবকে পুরস্কৃত করা হয়। এই ক্লাবগুলির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়।
“টেক কেয়ার” সংস্থার এই উদ্যোগ শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনেই সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচারেও এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। বালুরঘাটের সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য এটি ছিল এক স্মরণীয় দিন।












Leave a Reply