বিদ্যুৎ বিল সংশোধনী ২০২৫ লোকসভায় পেশের প্রতিবাদে বিলের প্রতিলিপি পুড়িয়ে মুম্বাই রোডের দেউলিয়া ও জেলা সদর তমলুকে বিক্ষোভ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যুৎ শিল্পে ব্যাপক বেসরকারীকরণ রুখতে,স্মার্ট মিটার লাগিয়ে সাধারণ গ্রাহকদের টাকা লুট করা ও
জনবিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী বিল-২০২৫ পার্লামেন্টে পেশ করার বিরুদ্ধে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (AIECA)’র ডাকে আজ ১০ মার্চ সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। ওই পরিপ্রেক্ষিতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ১৬ নম্বর(মুম্বাই রোড)জাতীয় সড়ক দেউলিয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ১৫ মিনিটের সড়ক অবরোধের ওই কর্মসূচিতে কলকাতা ও খড়গপুর দুদিকের লেনে বহু গাড়ি দাঁড়িয়ে যায়। ৯:৩০ মিনিট থেকে ৯:৪৫ মিনিটের ওই প্রতীকী পথ অবরোধে বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২৫ এর প্রতিলিপি পোড়ানো হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শংকর মালাকার। প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সহ-সভাপতি সুব্রত দাস। পথ অবরোধের পূর্বে সমগ্র দেউলিয়া বাজারে বিক্ষোভকারীরা স্কোয়াড মিছিল করেন।
বিক্ষোভ সভায় নারায়ণবাবু বলেন,গ্রাহক আন্দোলনের চাপে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি আপাততঃ স্মার্ট মিটার লাগানো হবে না বললেও যে কোনও সময় আন্দোলনের গতি কমলে আবার চালু করার উদ্যোগ নেবে। উনি সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সমস্ত স্তরের বিদ্যুৎ গ্রাহকদের কেন্দ্রীয় জনস্বার্থবিরোধী এই বিলের প্রতিবাদেও আন্দোলনে সামিল হতে অনুরোধ করেন।
অনুরূপ কর্মসূচি জেলা সদর তমলুকেও হয়। তমলুকে বিদ্যুৎ গ্রাহকেরা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের অফিসের সামনে বিজলী ভবনেও বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রণব মাইতি। এবং হাসপাতাল মোড়ে বিদ্যুৎ বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন জেলা সহ-সভাপতি মহসীন আলী খান। হাসপাতাল মোড়ের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক শংকর মালাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *