হিলিতে বামফ্রন্টের মিছিল ও অবস্থান সভা: বৈধ ভোটারদের স্বীকৃতি ও হয়রানি বন্ধের দাবিতে জোরালো প্রতিবাদ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে ৯ই মার্চ সোমবার বামফ্রন্টের উদ্যোগে এক বিশাল মিছিল ও অবস্থান সভা অনুষ্ঠিত হয়। মানুষকে বিচারাধীন রেখে ভোট ঘোষণা করা যাবে না—এই দাবিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বামফ্রন্টের কর্মীরা রাস্তায় নামেন।

বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়, বিচারাধীন ও ডিলিট হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে এবং এর কারণ স্পষ্ট করতে হবে। এসআইআর-এর নামে অযথা হয়রানি বন্ধ করতে হবে এবং বৈধ ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি অবৈধ ভোটারদের চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

মিছিলটি হিলি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে এবং বিডিও অফিসের সামনে অবস্থান সভায় পরিণত হয়। সভায় বক্তব্য রাখেন আরএসপি নেতা অর্ণব চৌধুরী এবং সিপিআইএম নেতা কল্যাণ দাস। সভার সভাপতিত্ব করেন কমরেড রথীন সরকার।

এরপর বামফ্রন্টের প্রতিনিধিদল বিডিও মহাশয়ের কাছে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএমের কমরেড সমীর রায়, আরএসপির কমরেড ষষ্ঠীপদ ঘোষ এবং মহেশ মাহাতো।

বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভোটার তালিকা সংক্রান্ত সমস্যাগুলির সমাধান এবং অযথা হয়রানি বন্ধ করার দাবিতে তাদের লড়াই অব্যাহত রাখবেন। এদিনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভোটারদের অধিকার রক্ষায় বামফ্রন্টের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *