
সোনামুখী,বাঁকুড়া/বুদবুদ পূর্ব বর্ধমান,২৩ মার্চ, ২০২৬: অবৈধ বালি খনন এবং বালি পরিবহণের জন্য অতিরিক্ত ওজন বহনকারী ভারী ট্রাক চলাচলের কারণে, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের, সোনামুখীথানা এবং লাগোয়া পূর্ব বর্ধমান জেলার, বুদবুদ ব্লক ও থানা এলাকার চাষি সম্প্রদায় এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে। দীর্ঘদিন ধরে অবৈধ বালি উত্তোলন এবং নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত বোঝাই ট্রাক চলাচলের ফলে এলাকার কৃষিজমি মারাত্মক ক্ষয় এবং ক্ষতির মুখে পড়ছে। পাশাপাশি রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি, আইন-শৃঙ্খলার অবনতি এবং দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে। জয় কিষাণ আন্দোলনের উদ্যোগে বারংবার এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে, জয় কিষাণ আন্দোলনের স্থানীয় কৃষক এবং ক্ষেত মজুর সদস্যারা সোনামুখী ব্লকের পলসুরা গ্রামে শান্তিপূর্ণ ধর্না এবং অনশন কর্মসূচী পালন করেন। সমগ্র কর্মসূচীর নেতৃত্ব দেন, স্থানীয় কৃষক নেতা এবং জয় কিষাণ আন্দোলনের রাজ্য সভাপতি ননী রায়। তিনি বলেন – অঞ্চলে অবৈধ বালি খনন এবং নিয়ম বহির্ভূত ভাবে তা পাচারের জন্য, এলাকার বহু কৃষি জমি নিশ্চিহ্ন হওয়ার পথে, চাষজোগ্যতা হারাবার পথে, এলাকার রাস্তাঘাটের অবনতি হচ্ছে, দূর্বৃত্তায়ন হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সরকার ন্যায্য আয় থেকে বঞ্চিত হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন – প্রশাসন কোন স্বার্থে নির্বিকার। এ জিনিস চলতে দেওয়া যাবে না। অবিলম্বে অবৈধ বালি খনন বন্ধ করতে হবে, অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে এবং এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এর পরেও কোন কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে, আগামী দিন আরও বড় আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে।
স্থানীয় সাধারণ জনগণ বিপুল সংখ্যায় এই কর্মসূচী সমর্থন করে অংশ গ্রহণ করেন।












Leave a Reply