
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার মোথাবাড়ি কাণ্ডে দ্বিতীয় দিনেও অ্যাকশন মুডে রয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। বুধবার গভীর রাত পর্যন্ত টানা অভিযান চালানোর পর বৃহস্পতিবার সকাল থেকেই ফের তদন্তে নামে কেন্দ্রীয় এই সংস্থার আধিকারিকরা।
সূত্রের খবর, গতরাতভর পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় ধরপাকড় চালানো হয়। পাশাপাশি ঘটনাদিনে বিচারকদের উদ্ধার করতে যাওয়া পাইলট গাড়ির চালক ও সংশ্লিষ্ট আধিকারিকদের ব্লক দপ্তরে তলব করা হয়েছে। সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার রাতে যে পাইলট গাড়িতে করে বিচারকদের নিরাপদে সরানো হচ্ছিল, সেই সময় কী পরিস্থিতি ছিল—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে, ঘটনার জেরে আপাতত এসআইআর সংক্রান্ত শুনানির কাজ পুরোপুরি বন্ধ রয়েছে মোথাবাড়ি ব্লক দপ্তরে। বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি হোটেলে সাতজন বিচারককে নিরাপত্তার ঘেরাটোপে রেখে শুনানির কাজ চালানো হচ্ছে।
কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে সেই শুনানি চলছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।












Leave a Reply