কালিয়াচকে উত্তাল বিক্ষোভ, বিচারকদের ঘিরে অবরোধ—ঘণ্টার পর ঘণ্টা থমকাল জাতীয় সড়ক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে মালদার কালিয়াচকে তীব্র বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। বুধবার সকাল থেকে শুরু হওয়া ক্ষোভ বিকেল গড়াতেই ভয়াবহ রূপ নেয় এবং রাত পর্যন্ত চলতে থাকে উত্তেজনা।
অভিযোগ, ক্ষুব্ধ জনতা কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে এসআইআর-এর কাজে যাওয়া সাতজন বিচারককে ঘিরে বিক্ষোভ দেখান এবং দীর্ঘক্ষণ তাঁদের আটকে রাখা হয়। তাঁদের মধ্যে মহিলা বিচারক-সহ তিনজন ছিলেন বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসেন, ফলে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। লরি-সহ বহু যানবাহন আটকে পড়ে এবং পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান মালদার পুলিশ সুপার। পাশাপাশি বিষয়টি পৌঁছে যায় নির্বাচন কমিশনের কাছেও। সূত্রের খবর, ভারতের নির্বাচন কমিশন জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে এবং নিরাপত্তা ইস্যুতে রাজ্য পুলিশের ডিজির কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে।
এই ঘটনার কভারেজ করতে গিয়ে কয়েকজন সংবাদমাধ্যম কর্মীও হেনস্থার শিকার হন এবং তাঁদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শেষপর্যন্ত রাত প্রায় ১২টার পর জেলা প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *