
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার হাসিমারার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর তোর্ষা সেতুতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সেতুর রেলিং ভেঙে প্রায় ৪০ ফুট নিচে তোর্ষা নদীতে পড়ে যায় একটি পণ্যবাহী ট্রাক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদারিহাটের দিক থেকে অসমের দিকে যাচ্ছিল ট্রাকটি। সেতুর মাঝামাঝি পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি সেতুর বাঁদিকের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
এই ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গুরুতর জখম হয়েছেন ট্রাকের খালাসি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসিমারা ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এখনও পর্যন্ত মৃত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ তাঁদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।












Leave a Reply