জটেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু দিলীপ বর্মনের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সূচনা করলেন দিলীপ বর্মন। বৃহস্পতিবার তিনি জটেশ্বর শিব মন্দিরে পুজো অর্চনার মাধ্যমে নিজের প্রচার কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
মন্দিরে পুজো দেওয়ার পর তিনি জটেশ্বর বাজার এলাকায় ঘুরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচনে সমর্থনের আবেদন জানান।
উল্লেখ্য, দিলীপ বর্মন পূর্বে ভারতীয় জনতা পার্টি-এর পঞ্চায়েত সদস্য ছিলেন। এবারের নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
প্রার্থী অভিযোগ করেন, ফালাকাটার বিদায়ী বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, এলাকার মানুষের পাশে থেকে তাঁদের দৈনন্দিন সমস্যা সমাধান করাই তাঁর মূল লক্ষ্য। পানীয় জল, রাস্তা ও স্বাস্থ্য পরিষেবা—এই সমস্ত ইস্যুকেই তিনি প্রচারের মূল হাতিয়ার করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল ও বিজেপির পাশাপাশি নির্দল প্রার্থীর এই লড়াই ফালাকাটা কেন্দ্রের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *