কুশমন্ডিতে মোদীর সভা ঘিরে জোর প্রস্তুতি, পরিদর্শনে সুকান্ত।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল শনিবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে নির্বাচনী সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হবে।
এই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কুশমন্ডি পৌঁছন। তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে বালুরঘাট বিমানবন্দরে এসে সড়কপথে সভাস্থলে যান।
সেখানে গিয়ে তিনি মঞ্চ নির্মাণ, দর্শকাসন, নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত প্রস্তুতি খুঁটিয়ে পরিদর্শন করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর হেলিকপ্টর নামার জায়গাটিও দেখে নেন। সভার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন তিনি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামীকাল বেলা দুটো নাগাদ প্রধানমন্ত্রী কুশমন্ডির সভাস্থলে পৌঁছবেন। এই সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই আশা বিজেপি নেতৃত্বের।
সব মিলিয়ে, মোদীর সভাকে কেন্দ্র করে কুশমন্ডিতে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *