
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের ‘কাটমানি’ ইস্যুতে উত্তাল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা উত্তরা সিংহ হাজরার একটি কথিত অডিও ক্লিপ সমাজমাধ্যমে ফাঁস হতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আমরা।
ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, এক ব্যক্তি নিজেকে তৃণমূল কর্মী দাবি করে প্রাক্তন বিধায়িকাকে সরাসরি বলছেন, “আমি আপনাকে ১৩ লক্ষ টাকা কাটমানি দিয়েছি।” উত্তরে বিধায়িকাকে সেই অভিযোগ অস্বীকার করতে শোনা গেলেও, কথোপকথনের ধরন ও মেজাজ ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগকারী ব্যক্তির দাবি, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে এই বিপুল অর্থ নেওয়া হয়েছিল।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে বিরোধী দলগুলো। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূলের নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত দুর্নীতির শিকড় কতটা গভীর, এই অডিও ক্লিপ তারই প্রমাণ। অন্যদিকে, গড়বেতা বিধানসভার তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। উত্তরা সিংহ হাজরার প্রতিক্রিয়া মেলে নী।
তৃণমূলের অন্দরেও এই ঘটনা নিয়ে অস্বস্তি চরমে। দলের এক জেলা নেতার কথায়, “ব্যক্তিগত স্তরে কেউ যদি এমন কাজ করে থাকে, তবে দল তার দায় নেবে না।” সব মিলিয়ে, কাটমানি নিয়ে এই নয়া ফাসঁ হওয়া অডিও এখন গড়বেতার চায়ের দোকানের প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন বা দলগতভাবে কোনো তদন্ত শুরু হয় কি না, এখন সেটাই দেখার।












Leave a Reply