
মালদা, নিজস্ব সংবাদদাতা:— রবিবার সকাল প্রায় ১০টা নাগাদ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম দিনানাথ পাল। তিনি পেশায় বিভিন্ন হাটে মুদিখানার ব্যবসা করেন।অভিযোগ, শনিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে পড়ে। রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরই চুরির বিষয়টি সামনে আসে। বাড়ি থেকে মুদিখানার বেশ কিছু সামগ্রী, একটি ছোট সোনার কানের দুল, একটি রুপোর চেন এবং কয়েক হাজার টাকা নগদ খোয়া গিয়েছে বলে অভিযোগ।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় বাড়তে থাকা মাদক সেবনের কারণেই এই ধরনের চুরির ঘটনা বেড়ে চলেছে। তাঁদের অভিযোগ, কিছু যুবক নেশার টাকা জোগাড় করতেই চুরি-ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। এলাকায় পুলিশের টহল এবং নজরদারি বাড়ানোর দাবিও তুলেছেন বাসিন্দারা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে চোরেরা বাড়িতে ঢুকল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।












Leave a Reply