
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায় এক মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাইয়ের চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত সুমনা বসাক, তিনি ইংলিশবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দেশবন্ধু পাড়ার বাসিন্দা।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় সুমনা দেবী তাঁর মেয়েকে নিয়ে গয়েশপুর থেকে ৪২০ মোড়ের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, গয়েশপুর এলাকার একটি জিম সেন্টারের সামনে মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী আচমকা তাঁর গলায় থাকা সোনার চেন টান মারে। টানাহেঁচড়ার ফলে চেনটি ছিঁড়ে গেলেও সেটি নিয়ে পালাতে পারেনি অভিযুক্তরা। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা।
ঘটনার পর আক্রান্তের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় এমন ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।












Leave a Reply