
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজের স্কুলের সামনের রাস্তায় দুটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া,অভিভাবক, শিক্ষক-শিক্ষিকারা অবরোধ করেন। বিদ্যালয়ে ক্লাস করার মতন শ্রেণীকক্ষ পাওয়া যায়নি বলে ক্ষোভ পড়ুয়া থেকে অভিভাবকদের।মেদিনীপুর কলেজিয়েট স্কুল চত্বরে দুটি প্রাথমিক স্কুল চলে। একটি মেদিনীপুর জিএসএফপি স্কুল এবং আরেকটি মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ বছর ধরে দুটি স্কুল কলেজিয়েট স্কুল ক্যাম্পাসের মধ্যে সকাল বিভাগে পরিচালিত হয়ে আসছে। গরমের কারণে কলেজিয়েট হাই স্কুলও মর্নিং সেকশনে চালু হয়েছে বৃহস্পতিবার থেকে। আর তাতেই দেখা দিয়েছি যত বিপত্তি। তিনটি স্কুল যখন সকালে হয় তখন শ্রেণীকক্ষের সমস্যা তৈরি হয়। এর আগে মর্নিং সেকশন চালু হলে কলেজিয়েট স্কুলের বিপরীতে স্কুলের আরেকটি বিল্ডিং এ প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পঠন-পাঠন হতো।তখন দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি হল ঘরের ব্যবস্থা করা হতো। চলতি বছরেও কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা চিঠি দিয়ে জানায় বিদ্যালয় দুটিকে ক্যাম্পাসের বাইরে সরিয়ে দিতে এবং পুরনো ভবনের স্থানান্তরের কথা জানিয়েছেন। কিন্তু শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অভিযোগ সেই পুরনো বিল্ডিং এ ক্লাস করার মতন উপযুক্ত ব্যবস্থা নেই। সেই পুরনো ভবনের নিচু তলার রুমগুলি ব্যবহারযোগ্য হলেও উপরের তলার রুমগুলি স্কুল পরিচালনার পক্ষে উপযুক্ত নয় বলে অভিভাবকদের অভিযোগ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও পুরনো ভবনের সমস্যার কথা জানাচ্ছেন। কলেজিয়েট জিএসএফপি স্কুলের শিক্ষিকা সহেলি ভৌমিক বলছেন ‘ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা প্রাইমারি স্কুলের অফিস রুম,ক্লাস রুমে তালা লাগিয়ে দিয়েছে। উনি বাচ্চাদের পুরনো ভবনে পাঠাতে বলছেন। সেই ভবনের স্ট্রাকচার খুব খারাপ। যেকোনো মুহূর্তে ছাদের চাঙড় ভেঙে পড়তে পারে। সরু কাঠের সিঁড়ি দিয়ে পড়ুয়াদের উপরে উঠতে নামতে সমস্যা হবে। আমরা বলেছিলাম ইলেভেন টুয়েলভ এর পড়ুয়াদের ওই ভবনে পঠন-পাঠন হোক মর্নিং সেকশনে।’ অভিভাবকরা অভিযোগ করছেন – বেহাল ওই বিল্ডিং এ পড়ুয়াদের পঠন-পাঠন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুলে এলে তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্কুলের সামনের রাস্তায়। তারা তাদের সমস্যার কথা জানিয়ে এবং সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠিও দিয়েছেন।
মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পরিয়া বলছেন ‘ দুটি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকাদের আগেই চিঠি দিয়ে পুরনো বিল্ডিং এ ক্লাস করার কথা বলা হয়েছে। এর আগেও তো ক্লাস হয়েছে। সেই বিল্ডিং নতুন করে সংস্কার করাও হয়েছে। ‘












Leave a Reply