
নিজস্ব সংবাদদাতা, গয়েশপুর:- আন্তর্জাতিক ড্রাগ বিরোধী দিবস উপলক্ষে গয়েশপুরের চাদমারি দেশপ্রীয় শিক্ষায়তন বিদ্যালয়ের এনসিসি বাহিনীর উদ্যোগে আয়োজিত হলো এক সচেতনতামূলক কর্মসূচি। সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এনসিসি ক্যাডেটরা অংশ নেন একটি বর্ণাঢ্য র্যালিতে।
র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।
আয়োজকদের বক্তব্য, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও ক্ষতিকর। তাই তরুণ প্রজন্মকে এই সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ জীবনযাপন, ইতিবাচক চিন্তাভাবনা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরে। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও এই উদ্যোগের প্রশংসা করেন।
মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে এমন উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।












Leave a Reply