
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা। খড়্গপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় পড়ুয়া, প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ অংশ নেন।
এই দিন খড়্গপুরের এসডিও অফিস চত্বর থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় পা মেলান বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া এবং সাধারণ মানুষ। গোটা যাত্রাপথে ‘বন্দেমাতরম’ ও দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে খড়্গপুরের রাস্তা। এসডিও অফিস থেকে শুরু হয়ে তিরঙ্গা যাত্রা পৌঁছয় খড়্গপুর ট্রাফিক মোড় পর্যন্ত। যাত্রায় অংশ নেন মন্ত্রী দিলীপ ঘোষও। হাতে জাতীয় পতাকা নিয়ে অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে পায়ে হেঁটে শোভাযাত্রায় সামিল হন তিনি। পড়ুয়াদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
কর্মসূচি প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে খড়্গপুরে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ১০ আগস্ট কলকাতায় আরও বড় আকারে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হবে। সেখানে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে অংশ নেবেন বলে জানান তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, কলকাতার ওই বড় কর্মসূচির প্রচারের অংশ হিসেবেও খড়্গপুরের এই তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছে। স্বাধীনতার আবেগ এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
স্বাধীনতা দিবসের আগে খড়্গপুরের রাস্তায় অসংখ্য মানুষের হাতে জাতীয় পতাকা এবং দেশাত্মবোধক স্লোগানে এদিনের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।












Leave a Reply