
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারতমাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বিশেষ কর্মসূচি। শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়ে অবস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তিন বিধায়ক। এই দিন উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর গুচ্ছাইত এবং কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভদ্র হেমব্রম। তাঁদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এদিন তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের কথা তুলে ধরা হয়। তাঁর আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলেও উপস্থিতরা জানান।












Leave a Reply