
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নেপালে গিয়ে নিখোঁজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বাসিন্দা স্বপনকুমার সিনহা। খড়্গপুর শহরের প্রেমবাজার হিজলি কো-অপারেটিভ সোসাইটি এলাকার বাসিন্দা স্বপনবাবু গত ২১ অগস্ট বাড়ি থেকে কৈলাস-মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২২ অগস্ট একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে তিনি নেপালের কাঠমান্ডুতে পৌঁছন। এরপর নেপালে বিপর্যয়ের পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বপনের ছেলে অর্ণব কুমার সিনহা।
আগামী ৬ সেপ্টেম্বর তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগে পরিবার। নেপালে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান না মেলায় উৎকণ্ঠা আরও বেড়েছে। অবসরপ্রাপ্ত রেলকর্মী স্বপনকুমার সিনহার দ্রুত সন্ধান পাওয়ার আশায় দিন গুনছেন পরিবারের সদস্যরা।












Leave a Reply