
মালদা, নিজস্ব সংবাদদাতা:-২ অক্টোবর ২০২৬, জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী তিথিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখার উদ্যোগে এবং কালিয়াচক-৩ বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় প্রতিবছরের মতো এই বছরও অত্যন্ত সফল ও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘বিজ্ঞান অভীক্ষা ২০২৬’। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
চলতি বছরে কালিয়াচক-৩ ব্লকের অন্তর্গত বৈষ্ণবনগর উচ্চ বিদ্যালয়, বৈষ্ণবনগর বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, বীরনগর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৯টি পরীক্ষা কেন্দ্রে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়। এতে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির প্রায় ২,৫০০ জন ছাত্র-ছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। আধুনিক প্রতিযোগিতামূলক পরীক্ষার ধরনকে মাথায় রেখে ও.এম.আর. (OMR) শিটের মাধ্যমে এই অভীক্ষা পরিচালিত হয়। পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রে প্রায় ৪০ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। সব মিলিয়ে প্রায় ২৫০ জন সক্রিয় বিজ্ঞান কর্মী ও শিক্ষক-শিক্ষিকা এই মহতী কর্মসূচিতে নিরলস অবদান রাখেন।
পরীক্ষা পরিচালনা ও সাফল্য প্রসঙ্গে কালিয়াচক-৩ বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান অভীক্ষা কনভেনর তথা বীরনগর উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক শ্রী উজ্জ্বল কুমার ঘোষ জানান, “এবছর অত্যন্ত সুচারুভাবে ও নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচেতনা জাগ্রত করা এবং ও.এম.আর. শিটে অভ্যস্ত করে তুলে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভয় কাটানোই আমাদের লক্ষ্য। আগামী বছর এই অংশগ্রহণকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।”
অন্যদিকে, কালিয়াচক-৩ বিজ্ঞান কেন্দ্রের সভাপতি শ্রী অরুণাভ লালা সকল কর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের বিজ্ঞান কর্মীদের সক্রিয় মনোবল ও যৌথ প্রচেষ্টাতেই এই বিরাট আয়োজন সুসম্পন্ন করা সম্ভব হয়েছে। কর্মসূচির সাথে যুক্ত সকল কর্মী, পর্যবেক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আগামী দিনে বিজ্ঞান মঞ্চের এই প্রসারের ধারা আরও বিস্তৃত হবে।”












Leave a Reply