
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- ১৯০৭ সালে প্রতিষ্ঠিত কালীবাড়িতে শাস্ত্র ও রীতিনীতি মেনে দুর্গোৎসব, প্রতিদিন অঞ্জলি ও প্রসাদ বিতরণ।অন্যান্য বছরের তুলনায় এ বার দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেশি। বালুরঘাটের চকভবানী বারোয়ারি কালীবাড়ির দুর্গোৎসবে সকাল থেকেই প্রতিমা দর্শন ও পুজো দিতে ভিড় জমাচ্ছেন মানুষ। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এই কালীবাড়ির পুজো দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। শাস্ত্র, নিয়ম ও রীতিনীতি মেনে সম্পূর্ণ সাবেকি আঙ্গিকে এখানে দুর্গোৎসবের আয়োজন করা হয়।
আধুনিক থিমের চাকচিক্যের বদলে প্রথা ও ধর্মীয় নিষ্ঠাই এই পুজোর মূল বৈশিষ্ট্য। পুজোর প্রতিটি পর্বে সেই ঐতিহ্য বজায় রাখার উপর গুরুত্ব দেন উদ্যোক্তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শনার্থীদের সমাগম। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বহু মানুষ আসছেন পুজো দেখতে।
পুজোকে কেন্দ্র করে প্রতিদিন দুপুরে কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরণ করা হয়। অঞ্জলি দিতেও প্রতিদিন বহু মানুষের সমাগম হচ্ছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রসাদ গ্রহণ করেন ভক্তেরা।
দীর্ঘদিনের ধর্মীয় পরম্পরা ও নিষ্ঠার সঙ্গে আয়োজিত এই দুর্গোৎসব এ বারও বালুরঘাটের পুজো মানচিত্রে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।












Leave a Reply