
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার গর্তে জমেছে হাঁটু সমান জল! সেই জলেই ছাড়া হলো জ্যান্ত রুই মাছ! কেউ মাছ ধরছেন, কেউ ভাসাচ্ছেন কাগজের নৌকা, আবার কেউ করছেন ধান রোপণ! রাস্তার বেহাল দশার প্রতিবাদে এমনই অভিনব কায়দায় সরব হলো কংগ্রেস।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সরণির। বিদ্যাসাগর হল এবং মেদিনীপুর মেডিকেল কলেজের মাঝখান দিয়ে যাওয়া এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, আর সেই গর্তে জমে রয়েছে হাঁটু সমান জল। ফলে সাধারণ মানুষের পাশাপাশি চরম সমস্যায় পড়তে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদেরও। রোগী নিয়ে যাতায়াত করতে কার্যত নাজেহাল হতে হচ্ছে তাঁদের।
এই পরিস্থিতিতে শুক্রবার রাস্তার জমা জলে জ্যান্ত রুই মাছ ছেড়ে অভিনব প্রতিবাদে সামিল হয় কংগ্রেস। কেউ মাছ ধরলেন, কেউ কাগজের নৌকা ভাসালেন, আবার কেউ রাস্তার গর্তে ধান রোপণ করে প্রতিবাদ জানালেন।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত রাস্তা মেরামত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।












Leave a Reply