
মালদা, নিজস্ব সংবাদদাতা : – চোরবাগানের পুজো মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনার পর এবার কালীপুজো ও ছটপুজোর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন। মালদায় এসে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ।
কলকাতার চোরবাগানে পুজো মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনার ঘটনার পর আসন্ন কালীপুজো ও ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। সেই লক্ষ্যেই সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদায় এসে বিশেষ প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশংকর ঘোষ।এদিন ইংরেজবাজার পৌরসভার কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।বৈঠকে আসন্ন কালীপুজো ও ছটপুজোকে কেন্দ্র করে মালদার বিভিন্ন পুজো মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, নদীঘাটে ছটপুজোর সময় নিরাপত্তা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বিশেষ করে পুজো মণ্ডপ ও নদীঘাটগুলিতে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। সব মিলিয়ে আসন্ন দুই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগাম প্রস্তুতিতে নামল মালদা জেলা প্রশাসন।












Leave a Reply