জমির দখল নিতে গিয়ে বাধার মুখে ক্রেতা! ২১ বছর পর জমি ফেরতের দাবিতে সরব জমিদাতারা, উত্তেজনা আমশোল কলোনিতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জমির দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমশোল ৩ নম্বর অঞ্চলের আমশোল কলোনি গ্রামে। জমি বিক্রির দীর্ঘ ২১ বছর পরেও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবার নিজেদের বিক্রি করা জমি ফেরতের দাবিতে সরব হলেন জমিদাতা কৃষকরা। তাঁদের দাবি, জমি ফেরত দিতে হবে, নতুবা জমির বর্তমান বাজারমূল্য দিতে হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে এই গ্রামের ১০ জন কৃষক কলকাতার বাসিন্দা জানে আলম মোল্লার কাছে বেশ কয়েক বিঘা জমি বিক্রি করেন। অভিযোগ, সেই সময় জানে আলম মোল্লা এলাকায় একটি কটন মিল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি জমিদাতা প্রত্যেক পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন। সেই প্রতিশ্রুতিতে ভরসা করেই তুলনামূলক কম দামে জমি বিক্রি করেছিলেন কৃষকরা। কিন্তু জমিদাতাদের অভিযোগ, দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
এরই মধ্যে নতুন করে জমি নিয়ে শুরু হয়েছে বিবাদ। জমিদাতাদের দাবি, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এমডি রাকিব লস্কর নামে এক ব্যক্তি সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করছেন। অন্যদিকে রাকিব লস্করের দাবি, ২০১৯ সালে তিনি জানে আলম মোল্লার কাছ থেকে ওই জমি কিনেছেন। জমি কেনার সমস্ত বৈধ কাগজপত্রও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার ওই জমির দখল নিতে গেলে বাধা দেন পুরনো জমিদাতারা। তাঁদের বাধায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে উভয়পক্ষকে থানায় ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে, বর্তমান জমির মালিকের দাবি, তিনি প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন এবং ওই জমিতে ফার্ম তৈরি করতে চান। স্থানীয় বিজেপি নেতা বাপন মল্লিকও জানিয়েছেন, তাঁরাও চান আলোচনার মাধ্যমে সমস্যার সুষ্ঠু মীমাংসা হোক। একদিকে দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ, অন্যদিকে জমির বর্তমান মালিকানার দাবি—দুইয়ের টানাপোড়েনে এখন সরগরম আমশোল কলোনি। শেষ পর্যন্ত প্রশাসনিক হস্তক্ষেপে কীভাবে এই জমি বিবাদের সমাধান হয়, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *