অঙ্গনওয়াড়ি কর্মীকে হেনস্থার প্রতিবাদে বীরভূম জেলার দুবরাজপুর ব্লক ও থানায় ডেপুটেশন।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- অঙ্গনওয়াড়ি কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লক ও থানায় ডেপুটেশন প্রদান করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দুবরাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগে হালিমা খাতুন নামে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তারই প্রতিবাদে আজ দুবরাজপুর পৌরসভা ও ব্লক এলাকার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা দুবরাজপুর ব্লকের বিডিওকে ডেপুটেশন প্রদান করলেন। পাশাপাশি তাঁরা সিডিপিও প্রবীর বিশ্বাসকেও লিখিতভাবে বিষয়টি জানান। যদিও বা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাবেন বলে জানিয়েছেন। তারপর দুই শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী দুবরাজপুর ব্লক অফিস থেকে একটি রেলি করে দুবরাজপুর থানা পৌঁছয়। তারপর তাঁরা তাঁদের বিভিন্ন দাবী নিয়ে দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ডেপুটেশন প্রদান করেন। তাঁদের দাবী, যেভাবে অকারণে আমাদের কর্মী হালিমা খাতুনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাঁকে যেভাবে অপমান করা হয়েছে। এই কর্মে যাঁরা যুক্ত সেইসব দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। তাছাড়াও সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *