বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন রাস্তায় লাগানো ফ্লেক্স, ফেস্টুন খুলে ফেলা হচ্ছে। খুলে ফেলা হচ্ছে রাজনৈতিক দলেরও ফ্লেক্স- ফেস্টুন। ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন খোলা নিয়ে। পুরসভার পক্ষ থেকে দৃশ্য দূষণের কারণে ফেষ্টুন খোলার কথা বলা হলেও, বিরোধী রাজনৈতিক দলগুলি রাজনৈতিক অসৌজন্যতার অভিযোগ তুলেছে।
গতকাল এবং আজ বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুঘাট শহরের রাস্তায় লাগানো বিভিন্ন ফ্লেক্স ফেস্টুন খোলার কাজ শুরু হয়েছে। খুলে ফেলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ফেস্টুন। এদিনের পৌরসভার এই অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী।
শহর পরিচ্ছন্নতার অভিযান চললেও, ঘটনায় রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে।
জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরী জানান, কংগ্রেসের ভারত জোড়ো আন্দোলন আগামী 30 তারিখে শেষ হবে, তার আগেই একতরফা ভাবে আমাদের ফ্লেক্স খোলা হচ্ছে।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান, এখানে বিরোধীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করা হয়েছে। রাজনৈতিক দলগুলি তাদের বক্তব্য বা কর্মসূচি ফ্লেক্স এর মাধ্যমে প্রচার করে থাকে। বিরোধীদের, বিশেষ করে বিজেপির ফ্লেক্স খুলে ফেলা হচ্ছে, যাতে প্রচার করতে না পারে। বালুরঘাট পৌরসভা বালুরঘাটে বিরোধী শূন্য দেখানোর পরিকল্পনা শুরু করেছে।
বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা মহিলা তৃনমূল সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী জানান, দৃশ্য দূষণের কারণে শহরের ফেষ্টুন খোলার কাজ শুরু হয়েছে। তিনি বিরোধীদের বক্তব্য খারিজ করে বলেন, শুধু বিরোধী দলের নয়, তৃনমূলের ফেষ্টুনও খোলা হয়েছে। পাশাপাশি তিনি জানান, বালুরঘাট শহরকে ক্লীন সিটি, গ্রীন সিটি করতে আগামীতে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করবে পুরসভা। যাতে, রাজনৈতিক দলগুলির কর্মসূচি অনুষ্ঠান শেষ হলে, ৪৮ ঘন্টার মধ্যে তারা নিজেদের ফেষ্টুন খুলে নেয়, সেই আবেদন করবে বালুরঘাট পৌরসভা।












Leave a Reply