স্নান করতে নেমে তোর্সার নদীতে তলিয়ে যায় এক ছাত্র, ২৪ ঘণ্টা কেটে গেলেও মেলেনি দেহ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বাংলা বছরের প্রথম দিন বন্ধুদের সঙ্গে তোর্সা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ওই ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও ওই ছাত্রের দেহ এখনও পর্যন্ত পাওয়া যায় নি। কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত মধুপুর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি নয়ারহাট এলাকায়। নদীতে তলিয়ে যাওয়া ওই ছাত্রের নাম সম্রাট ঘোষ (১৯)। সে কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত ডাউয়াগুড়ি এলাকায়।

জানা গেছে, গতকাল পয়লা বৈশাখ দুপুরে স্নান করতে যান ৪ বন্ধু। সেই সময় ৪ জনেই তলিয়ে যায়। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও সম্রাট তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়েও তার কোনও খোঁজ পাননি স্থানীয়রা। তারপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুণ্ডিবাড়ি থানার পুলিশ। পরে সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে ডুবুরি নামিয়ে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালান। কিন্তু তাতেও ওই ছাত্রের খোঁজ মেলেনি। সন্ধ্যা নেমে আসায় এদিনের মতো তল্লাশি বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে বেশ কয়েকজন ডুবরি নামিয়ে খোঁজা খুঁজি করা হয়। তারপরেও তাকে পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *