আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় আবারও সাফল্য।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- অপরাধমূলক ঘটনা যখন বাড়ছে, তখন আত্মরক্ষার কৌশল ছোটো থেকেই শেখা জরুরি হয়ে পড়েছে। কারণ আজ যারা ছোটো, তারাই তো ভবিষ‍্যতের নাগরিক। তাই দেহে-মনে শক্তিশালী সমাজ গঠনে ক‍্যারাটের গুরুত্ব অনেক। খেলার স্বাদও তাতে মিশে আছে। এমনই এক ক‍্যারাটে প্রতিযোগিতায় অংশ নেওয়া উৎসাহী কচিকাঁচারা চ্যাম্পিয়ন হল। বীরভূম জেলার দুবরাজপুরের ইউথ কর্ণার ক্যারাটে একাডেমির ৫ জন খুদে আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় সফল হয়। পশ্চিম বর্ধমান জেলার কাইকুসিন ক্যারাটে ক্লাবের উদ্যোগে মাতসুসিমা কাপ ২০২৩ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ছাড়াও একাধিক জেলার তিন শতাধিক ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে দুবরাজপুর থেকে ১৫-১৮ বছরের গ্রুপে অভী দাস চ্যাম্পিয়ন হয় এবং ১৫-১৮ বছরের গ্রুপে স্পন্দন দাস তৃতীয় স্থান অধিকার করে। তাছাড়াও খয়রাশোল থেকে ১২-১৫ বছরের গ্রুপে রানী ঘোষ তৃতীয়, ১৫-১৮ বছরের গ্রুপে অন্তরা চৌধুরী তৃতীয়, ১০-১২ বছরের গ্রুপে রুদ্র ঘোষ তৃতীয় স্থান অধিকার করেছে। দুবরাজপুর ইউথ কর্ণার ক্যারাটে একাডেমির ৮ জন ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তার মধ্যে ৫ জন প্রতিযোগী সফল হয়েছে। তাই তাদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দিয়েছেন উদ্যোক্তারা। ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি ক্যারাটে প্রশিক্ষক সেনসাই অলক চ্যাটার্জি ও সিদ্দিক মিয়া। সেনসাই অলক চ্যাটার্জি জানান, দুবরাজপুর ইউথ কর্ণার ক্যারাটে একাডেমি ও খয়রাশোল ক্যারাটে একাডেমি থেকে ৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে অনেকেই সফল হয়েছে। যাঁরা আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাঁদের অভিভাবকদের সহযোগিতা থাকলে তারা রাজ্য ও জাতীয় স্তরে অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *