আবাস যোজনায় তালিকা তৈরি নিয়ে দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক মুখার্জী।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর পৌরসভায় আবাস যোজনায় নামের তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ায় এবং তালিকা থেকে প্রকৃত প্রাপকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক মুখার্জী দাবি করেন। ১৬ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মানিক মুখার্জী বলেন, হাউস ফর অল্‌ এর নামের দুটি তালিকা প্রকাশ করা হয়েছে। জনপ্রতিনিধির কাছে একরকম তালিকা এবং পৌরসভা থেকে প্রকাশিত একরকম তালিকা। শুধু তালিকায় বিভ্রান্তি নয়, তার ওয়ার্ডে গরীব মানুষদের বাদ দিয়ে নিজেদের পছন্দের মানুষদের নাম যোগ করা হয়েছে। এমনকি ওভারসিয়ারকে দিয়েও কাজ করানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। কাউন্সিলার মানিক মুখার্জী মনে করেন, এই সমস্ত কাজের জন্য তিনি অপমানিত হচ্ছেন। যারা এই ধরনের কাজ করছেন তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে পৌরপতিকে লিখিত অভিযোগ জমা দিলেন।
যদিও পৌরসভার পৌরপতি পীযূষ পান্ডে কাউন্সিলারের অভিযোগের ভিত্তিতে বলেন,
সরকার অনুমোদিত যে তালিকা, তা সবাইকে দেয়া হয়েছে। হাউস ফর অল্‌ স্কীমে এপ্রুভ হওয়ার পর তালিকায় নতুন করে নাম ঢোকানো বা বাদ দেওয়া যায় না। কাউন্সিলারের অভিযোগকে একপ্রকার অস্বীকার করেন পৌরপতি। তিনি আরও জানান, দুবরাজপুর পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসকের দায়িত্বে থাকাকালীন কিছু মানুষ সরাসরি পৌরসভায় এসে প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। সেরকমই কিছু বাড়ি হয়তো অনুমোদন পেয়েছে। কাউন্সিলারের কথা অনুযায়ী তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নতুন করে নাম সংযোজন করা সব কিছুর জন্য পৌরপতির অনুমতি প্রয়োজন। এছাড়াও তালিকা থেকে যে সকল নাম বাদ দেওয়া হয়েছে তা ওভারসিয়ারকে দিয়ে কাজ করানো। একই ওয়ার্ডে দুরকম তালিকা, জনপ্রতিনিধির কাছে একরকম তালিকা এবং পৌরসভার আরেক রকম তালিকা। এসব কি শুধুমাত্র পৌরসভার কর্মীদের গাফিলতির কারণে হয়েছে প্রশ্ন থাকছেই…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *