
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা প্রশাসন ও গ্রন্থাগারের উদ্যোগে বালুরঘাটে আয়োজিত হলো লেখা শেখার কৌশলের ওপরে একদিনের কর্মশালা। লিখব আমিও নামাঙ্কিত এই কর্মশালায় পড়ুয়াদের মধ্যে লিখন দক্ষতা বৃদ্ধির উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। যেখানে জেলার দশটি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০ জন পড়ুয়া উপস্থিত হয়েছিলেন।
চলতি বছর বইমেলায় তাৎক্ষণিক লেখার প্রতিযোগিতা ও আলোচনা সভা। হয়েছিল যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পড়ুয়া অংশ নিয়েছিলেন। সেই কর্মসূচি সফল হওয়ার পরেই লেখক তৈরীর কর্মশালার পরিকল্পনা করে জেলা প্রশাসন। মূলত দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণার উদ্যোগে এদিনের কর্মশালা আয়োজিত হল। যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্বিভাষিক সাহিত্যিক ও উত্তরবঙ্গের প্রথম ইংরেজি উপন্যাসিক সানি মিশ্র। যিনি জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) পদে রয়েছেন। তাছাড়াও, এই দিনের অনুষ্ঠানে জেলা গ্রন্থাগার আধিকারিক তনুময় সরকার, স্থানীয় গ্রন্থাগার কমিটির আহ্বায়ক বিপ্লব খা সহ জেলার বিভিন্ন কলেজের অধ্যাপকরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। তারা লেখালেখি সম্পর্কে নিজস্ব মতামত এদিন প্রকাশ করেন। উপস্থিত আধিকারিকরা বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গ সংবাদপত্রকে মিডিয়া পার্টনার হিসেবে পাশে পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি, পত্রিকার রংদার রোববার বিভাগে প্রকাশিত গল্প, কবিতা, উপন্যাস প্রভৃতি লেখা পড়ার আহ্বান জানান তারা। অংশগ্রহণকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও এদিনের কর্মশালায় উপকৃত হয়েছে বলে জানান। অংশগ্রহণকারী পড়ুয়াদের উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে প্রশাসনের তরফে শংসাপত্র প্রদান করা হয়েছে।
জেলা গন্থাগার আধিকারিক তনুময় সরকার বলেন, ‘জেলা শাসকের উৎসাহে এই কর্মশালা আয়োজন করা সম্ভব হয়েছে। আমরা চাইছি জেলা থেকে নতুন লেখক তৈরি হোক। যারা আগামী দিনে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।’












Leave a Reply