তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিল তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত প্রধান।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:- তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিল তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত প্রধান। অভিযোগ বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের অধীনে মালঞ্চা থেকে মাঝিগ্রামের বেহাল রাস্তা সংস্কারের ওয়ার্ক অর্ডার হলেও, সেই রাস্তার বদলে অন্য রাস্তার কাজ হচ্ছে। এর প্রতিবাদে এদিন বালুরঘাট হিলি রাস্তার মালঞ্চ তে পথ অবরোধ করে এলাকার মানুষজন। পথ অবরোধে এলাকার বাসিন্দাদের সাথে ছিলেন তৃণমূল নেতৃত্ব‌ও।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, যেই রাস্তা হওয়ার কথা সেই রাস্তার পরিবর্তে অন্য রাস্তার কাজ করছে জেলা পরিষদ। এ কারণেই এদিন পথ অবরোধ করা হয়।

একই দাবি করা হয়েছে তৃণমূল পরিচালিত অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। গ্রাম পঞ্চায়েত প্রধান দেবদূত বর্মন জানান, ওয়ার্ক অর্ডারে যে রাস্তা তৈরি হওয়ার কথা, তার কাগজপত্র রয়েছে। বোর্ড টাঙ্গানো রয়েছে। অথচ অন্য একটি রাস্তার কাজ হচ্ছে, যা এই রাস্তা থেকে তুলনামূলক ভাবে ভালো।

এলাকার জেলা পরিষদ সদস্য অশোক কৃষ্ণ কুঁজুর জানান, একটি রাস্তার কাজের পরিবর্তে অন্য রাস্তার কাজ হচ্ছে। বিষয়টি জেলা পরিষদে জানানো হয়েছে।

তৃণমূলের জেলা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে তৃণমূলের পঞ্চায়েতের ক্ষোভের বিষয়ে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। বিজেপি যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী জানান, এদিনের ঘটনা থেকেই স্পষ্ট তৃণমূলের জেলা পরিষদের সাথে পঞ্চায়েতের সমন্বয় নেই। মনে হয় অন্য কোন রহস্য বা কাটমানির বিষয় রয়েছে। আমাদের দাবি সিডিউল মেনে বেহাল রাস্তাটি সংস্কার করা হোক জনগণের স্বার্থে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *