কয়েক মাস আগে ব্যাংকে কম্পিউটার চুরির কিনারা হতে না হতেই ফের একই ব্যাংকে কম্পিউটার চুরির ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুরে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কয়েক মাস আগে ব্যাংকে কম্পিউটার চুরির কিনারা হতে না হতেই ফের একই ব্যাংকে কম্পিউটার চুরির ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুরে। পুরসভার ১ নং ওয়ার্ডের নারায়ণপুর স্ট্যান্ডে রহিমপুর সমবায় সমিতি ব্যাংকে রাতের অন্ধকারে কাঠের জানালা ভেঙ্গে গ্রিল কেটে চুরি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। চুরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ মনিটর ও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অথচ পাশে থাকা প্রিন্টারটি রেখে যায় দুষ্কৃতীরা। এছাড়াও বেশ কিছু খাতা পত্র, ভাউচার স্লিপ লন্ডভন্ড করে, টাকা রাখার সিন্দুক ভাঙার চেষ্টা করে পালিয়ে যায় তারা। কম্পিউটারে ব্যাংকের সমস্ত লোন, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট ও সেভিংস এর হিসাবের তথ্য রাখা ছিল।
জানা গেছে শুক্রবার বিকেলে সমবায় ব্যাংক বন্ধ করে কর্মীরা তালা মেরে যে যার ঘরে ফেরেন। সোমবার বেলা দশটা নাগাদ ব্যাংকের দুই কর্মী মূল দরজা খুলে ব্যাংকে প্রবেশ করেন। ভিতরে ঢুকে দেখেন জানালার গ্রিল খোলা ও খাতা পত্র ছড়ানো ছিটানো। সিন্দুক ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হলেও কম্পিউটার মনিটর ও সিপিইউ টি নিয়ে যায় তারা। খবর দেওয়া হয় বংশীহারী থানায়। পুলিশ এসে তদন্ত করে গেছে। সমবায় ব্যাংকের ম্যানেজার মিরাজুল ইসলাম শিলিগুড়িতে থাকার জন্য কর্মীরা সকালেই ম্যানেজারকে বিষয়টি টেলিফোনে জানান। খবর পাওয়া মাত্র তিনি রওনা দিয়েছেন। তিনি এসে আর কি কি খোওয়া গেছে দেখে বংশীহারী থানায় অভিযোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *