
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:— সাংবাদিকদের কাজের অধিকার ও নিরাপত্তা আজ দেশজুড়ে প্রশ্নের মুখে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় সাংবাদিকদের বিরুদ্ধে নিরন্তর বাধা, রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রশাসনিক পক্ষপাতিত্ব দিন দিন চরম আকার নিচ্ছে। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে এবার সরব হল “মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ”।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ আগস্ট ২০২৫, বুধবার, দুপুর ১টায়, বহরমপুর টেক্সটাইল মোড় লাগোয়া চৌতারা মুক্তমঞ্চে এক অবস্থান-বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আয়োজিত হবে। সেইসঙ্গে জেলা শাসক, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি (ডেপুটেশন) প্রদান করা হবে।
প্রধান দাবিসমূহ:
১. সাংবাদিকদের কাজের অধিকার রক্ষা:
মুর্শিদাবাদ জেলার সমস্ত সাংবাদিক যেন অবাধ ও নিরপেক্ষভাবে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে হবে।
২. সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত:
রাজনৈতিক নেতা ও কিছু স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের কাজে বাধা দিচ্ছেন। প্রশাসনের তরফে তা কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
৩. তথ্যপ্রাপ্তির অধিকার:
প্রশাসনিক তথ্য পাওয়ার ক্ষেত্রে সকল সাংবাদিকের জন্য সমান সুযোগ ও স্বচ্ছতা বজায় রাখতে হবে।
৪. সাংবাদিকদের মধ্যে কৃত্রিম বিভাজন বন্ধ:
প্রশাসনিক পক্ষপাত ও বিভাজন নীতির অবসান জরুরি।
৫. সামশেরগঞ্জ ও সুতিতে সাংবাদিক নিগ্রহের বিচার ও ক্ষতিপূরণ:
এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে।
৬. ক্ষুদ্র ও স্থানীয় পত্রিকার প্রতি বৈষম্য দূরীকরণ:
বিজ্ঞাপনী নীতি ও সাংবাদিক প্রশিক্ষণে সবার জন্য সমান গুরুত্ব দিতে হবে।
এই কর্মসূচির মাধ্যমে সাংবাদিক সমাজ দাবি জানাচ্ছেন, তাদের ন্যায্য অধিকার রক্ষা শুধু ব্যক্তিগত স্বার্থে নয়, বরং গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংগঠনের আহ্বানে জেলার সমস্ত সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।












Leave a Reply