
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- শিক্ষক দিবস উপলক্ষ্যে গঙ্গারামপুর স্টেডিয়ামে শুরু হল দুই দিন ব্যাপি ইন্টার সার্কেল বন্ধুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বল মেরে খেলার সূচনা করেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক এনামুল হক, গঙ্গারামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস, তপন পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মদন বর্মন সহ অন্যান্যরা। ।
টুর্নামেন্টে অংশ নিয়েছেন কুশমন্ডি সদর চক্র, পূর্ব চক্র, গঙ্গারামপুর সদর চক্র, উত্তর চক্র, পশ্চিম চক্র, তপন সদর চক্র, উত্তর ও পশ্চিম চক্রের শিক্ষকরা। মাঠে খেলোয়াড় হিসেবে নামলেও সবার পরিচয় শিক্ষক, ফলে খেলার আবহে বন্ধুত্ব ও আনন্দ ছিল সমানতালে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ ঘিরে শিক্ষক মহলে ছিল ব্যাপক উত্তেজনা। স্টেডিয়ামে সহকর্মীদের উচ্ছ্বাসে খেলার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
দুই দিন ব্যাপি এই ফুটবল প্রতিযোগিতায় চক্রভিত্তিক শিক্ষকরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শেষ দিনে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।












Leave a Reply