কাবুলে ফের দূতাবাস খুলছে ভারত, জয়শঙ্কর-মুত্তাকি বৈঠকে সন্ত্রাসবিরোধী সহযোগিতার বার্তা।


নয়াদিল্লি: আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর প্রথমবার ভারত ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত মিলল। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি-র সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বৈঠকে জয়শঙ্কর ঘোষণা করেন, কাবুলে ভারতের কারিগরি মিশনকে পুনরায় দূতাবাসের মর্যাদা দেওয়া হবে।

জয়শঙ্কর বলেন, “ভারত আফগান জনগণের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আফগানিস্তানের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে চাই।”

বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই দেশের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেন, “ভারত ও আফগানিস্তান উভয়ই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের হুমকির মুখোমুখি। সন্ত্রাসের সব রূপ নির্মূল করতে আমাদের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।”

এছাড়াও, সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ভারতের প্রতি সহানুভূতি প্রকাশ করায় আফগানিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানান জয়শঙ্কর। তিনি বলেন, “ভারতের নিরাপত্তা উদ্বেগের প্রতি আফগান সরকারের সংবেদনশীলতা প্রশংসনীয়।”

উল্লেখযোগ্যভাবে, বৈঠকের একদিন আগেই কাবুলে পাকিস্তানের বিমান হামলায় তেহরিক-ই-তালিবান (TTP) প্রধান নূর ওয়ালি মেহসুদ নিহত হন বলে দাবি করেছে পাক সংবাদমাধ্যম। সেই পটভূমিতে নয়াদিল্লির এই বৈঠককে কূটনৈতিক পর্যবেক্ষকরা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *